চিকিৎসার অভাবে যুবকের আত্মহত্যা!
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসার অভাবে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাঁর নাম মো. হিরু শেখ (৩০)।
গতকাল সোমবার ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।
ইউনিয়নের ২ নম্বর ওর্য়াডের সংরক্ষিত মহিলা সদস্য রিংকু দত্ত জানান, তিন মাস আগে হিরু শিবরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। তারপর তিনি একটি ক্র্যাচে ভর করে চলাফেরা করতেন। তাঁর পায়ে খুব ব্যথা ছিল বলে স্বজনদের জানাতেন। অভাবে কারণে ওষুধ কেনার সামর্থ্য ছিল না তাঁর। দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গতকাল তিনি আত্মহত্যা করেন বলে রিংকু দাবি করেন।
এ ছাড়া একই ইউনিয়নের পাঁচ নম্বর ইউনিটের সদস্য শামীম মল্লিকও একই কথা বলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতেই পুলিশকে খবর দেওয়া হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর