সেরে উঠছেন এনটিভির ফরিদপুর প্রতিনিধি
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এনটিভির ফরিদপুর প্রতিনিধি আরিফ ইসলাম সুস্থ হয়ে উঠছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ বিছানায় স্থানান্তর করা হয়।
আজ বুধবার সকালে আরিফ ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে সাধারণ বিছানায় স্থানান্তর করা হয়। তাঁর মাথায় ও ঘাড়ে এখনো ব্যথা রয়েছে। পুরোপুরি সেরে উঠতে আরো বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হবে তাঁকে।
গত সোমবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এর পর পথচারীরা আরিফ ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরিফ ইসলাম জানিয়েছেন, পেশাগত শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরেছি। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এ হামলার পেছনে নিশ্চয়ই তাদের হাত রয়েছে।’ এর আগেও অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাঁকে ফোনে হুমকি দিয়েছিল বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক