রামেক ছাত্রশিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৫১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রশিবিরের সভাপতিসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগরীর হেতেম খাঁ এলাকা থেকে রামেক শাখা ছাত্রশিবিরের সভাপতি সিমন হোসেনকে (২৪) গ্রেপ্তার করে। এ ছাড়া মতিহার থানা পুলিশ মোহনপুর এলাকা থেকে আরো দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।
ওই দুই শিবিরকর্মী হলেন শরিফুল ইসলাম (২৬) ও রেজাউল করিম ওরফে কামাল (২৮)।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মহানগরীর চারটি থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১৫ জন, শাহমখদুম থানা ৯ জন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী, রাজনৈতিক আটক তিনজন ও অন্যান্য অপরাধে ২১ জন রয়েছেন।

শ. ম সাজু, রাজশাহী