চট্টগ্রামে রিহ্যাব মেলা ৮ ফেব্রুয়ারি শুরু
দেশে আবাসন সংকট নিরসনে সরকারি সহায়তা ও ফ্ল্যাট বরাদ্দে মানুষের হয়রানি বন্ধে রিয়েল এস্টেট আইন প্রণয়নের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন-রিহ্যাব।
সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনের সহ-সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ শীর্ষক ১০ম রিহ্যাব ফেয়ার উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ ফেরুয়ারি থেকে চট্টগ্রামের একটি হোটেলে চারদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। রিহ্যাব ফেয়ারে ৯০টি স্টলে ৭২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভবন নির্মাণসহ আনুসঙ্গিক পণ্য নিয়ে ১০টি ও ব্যাংক বীমার জন্য ৮টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
এ সময় সংগঠনের সহ-সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী বিভিন্ন পর্যায়ে সিঙ্গেল ডিজিটে সুদে দীর্ঘ মেয়াদী ২০ হাজার কোটি টাকার তহবিল, রেজিস্ট্রেশন ব্যয়, ট্যাক্স ও ভ্যাট হ্রাসের দাবি জানান।এ ছাড়া ভবন নির্মাণকালীন বিদ্যুতের রেট শিল্প রেটে নির্ধারণ ও এলপি গ্যাস সহজলভ্য না হওয়া পর্যন্ত পাইপ লাইনের গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের পরিচালক ওমর ফারুক, ইঞ্জিনিয়ার দিদারুল হক উপস্থিত ছিলেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম