ফরিদপুরে শহীদ মিনার ভাঙচুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের একটি শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে শহীদ মিনারের ওই স্তম্ভ ভেঙে ফেলা হয়। ভাঙ্গা থানার পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নওশের উজ্জামান বলেন, ‘১৯২৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে প্রায় ২০ বছর আগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। গতকাল রাতে দুর্বৃত্তরা শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে। আজ সকালে বিদ্যালয়ে গিয়ে আমরা শহীদ মিনারটি ভাঙা অবস্থায় পাই। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম শফিকুর রহমান বলেন, গত ৩ থেকে ৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের নৈশপ্রহরী গত তিনদিন অনেক পরিশ্রম করায় গতকাল রাতে ঘুমিয়ে পড়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙে ফেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
একই কথা বলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা।

সঞ্জিব দাস, ফরিদপুর