মাটি খুঁড়তেই মিলল ২৮১ গুলি হ্যান্ড গ্রেনেড রকেট লঞ্চার
যশোর সদর উপজেলার কামালপুর গ্রাম থেকে উদ্ধার হওয়া রাইফেলের গুলি, হ্যান্ড গ্রেনেড ও রকেট লঞ্চার। ছবি : এনটিভি
যশোর সদর উপজেলার কামালপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ২৭৯ গুলি, একটি হ্যান্ড গ্রেনেড ও একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, কামালপুর গ্রামের শামছু খাঁ তাঁর জমিতে ভবন নির্মাণের জন্য খনন করছিলেন। সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটি খুঁড়তেই গুলি, গ্রেনেড ও রকেট লঞ্চার পায়। এ ব্যাপারে শামছু খাঁ থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাইফেলের ২৭৯টি গুলি, একটি হ্যান্ড গ্রেনেড ও একটি রকেট লঞ্চার উদ্ধার করে।
মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সদস্যরা বা অন্য কেউ এসব গোলাবারুদ এখানে ফেলে রেখেছিল বলে ধারণা করছেন ওসি। তিনি বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাইফুল ইসলাম সজল, যশোর