‘অভিনব কায়দায় চুরি’
স্বর্ণের দোকানের মালিক দুপুরের খাবারের জন্য কর্মচারীদের নিয়ে বাড়ি যান। এর কয়েক মিনিটের মধ্যেই একজন রোগী নিয়ে তিন-চারজন বসে যান সেই দোকানের বারান্দায়। রোগীকে আড়াল দিতে টেনে দেন একটা পলিথিন। ১০ মিনিট পরেই রোগীসহ সবাই স্থান ত্যাগ করেন।
মালিক এসে দেখেন তিনি দোকানে যে তালা লাগিয়ে বাড়ি গিয়েছিলেন, সেটি আর চাবি দিয়ে খুলছে না। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন দোকানে সব স্বর্ণালংকার উধাও। শুরু হয় চিৎকার-চেঁচামেচি।
এ রকম অভিনব কায়দায় আজ শনিবার দিন-দুপুরে রাজশাহী মহানগরীর একটি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে নগরীর হড়গ্রাম বাজারে সবুর জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
দোকানের মালিক সবুর খান জানান, দুপুর ২টার দিকে দোকান বন্ধ করে তিনি ও কর্মচারীরা নিজ নিজ বাড়িতে খেতে যান। বিকেল ৩টার দিকে এসে দোকান খোলার জন্য চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। বিষয়টি তাঁদের কাছে অবাক লাগে।
‘এরপর তালা ভেঙে ভেতরে ঢুকে দেখি দোকানে সাজানো প্রায় ৭০ থেকে ৮০ ভরি স্বর্ণের অলংকার এবং নগদ চার লাখ ৭২ হাজার টাকা নেই। সব মিলে প্রায় ৪০ লাখ টাকার মতো চুরি হয়েছে। চোরের দল দোকানের মধ্যে থাকা সিন্দুক ভাঙারও চেষ্টা করে। তবে তারা এতে ব্যর্থ হয়।’
পাশের চায়ের দোকানি সাহার উদ্দিন ও পথচারী কালু মিয়ার বরাত দিয়ে দোকান মালিক সবুর খান আরো জানান, তাঁরা খেতে যাওয়ার পর তিন-চারজন লোকের মধ্যে একজন রোগী সেজে দোকানের বারান্দায় বসে পড়ে। এরপর তারা পলিথিনের পর্দা দিয়ে রোগীকে আড়াল করে দেয়। এ সময়ই তারা তালা খুলে মালামাল ও টাকা লুট করে ১০ মিনিটের মধ্যেই স্থান ত্যাগ করে।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সরফরাজ আহমেদ এবং রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আমান উল্লাহ জানান, এ বিষয়ে পুলিশ মাঠে কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শ. ম সাজু, রাজশাহী