ছাত্রলীগ নেতা ইমন হত্যায় ২ জন রিমান্ডে
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
আজ রোববার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুল্লাহ মাহমুদ তাঁদের প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ইমন হত্যার ঘটনায় তিন আসামি শেখ বখতিয়ার হাসান বিপ্লব, শেখ মোস্তাফিজুর রহমান মুরাদ ও রেজাউল ইসলাম মোল্লা ওরফে রনিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বিপ্লব, মুরাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং রনিকে জেল গেটে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ১৬ জানুয়ারি ইমনকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরের দিন সকালে সদর উপজেলার ধুলিহরের একটি মাছের খামারে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় বিপ্লব, মুরাদ ও রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা