ঘর থেকে বেরিয়ে নিখোঁজ ব্যবসায়ী
মাদারীপুর শহরের বাদামতলা এলাকা থেকে প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী শ্রীদাম মণ্ডল (৪২) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি নিখোঁজ হন। তিনি ‘জীবন মিষ্টান্ন ভাণ্ডারের’ মালিক জীবন মণ্ডলের ছেলে।
এ ব্যাপারে শুক্রবার মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীদাম মণ্ডল তাঁর শ্বশুড়বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর বাদামতলার নিজ বাড়িতে আসেন। সন্ধ্যার পর বাসা থেকে বের হন। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ি থেকে মোবাইল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এরপর রাত থেকে সম্ভাব্য সব জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করা হয়। আজ সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও শ্রীদামের সন্ধান পাওয়া যায়নি।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম মোর্শেদ জানান, পুলিশ শ্রীদাম মণ্ডলের ব্যবহৃত মোবাইল ট্র্যাকিং করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সেটি সদর উপজেলার মস্তফাপুর এলাকায় ছিল। তারপর সেটি বন্ধ পাওয়া যায়।
পুলিশ এরই মধ্যে দেশের সব থানায় নিখোঁজবার্তা পাঠিয়েছে বলেও জানান ওসি।
ব্যবসায়ী নিখোঁজের বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮-এর মাদারীপুর ক্যাম্পে জানানো হয়েছে বলেও জানান পরিবারের সদস্যরা।

এম. আর. মুর্তজা, মাদারীপুর