মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় কেরানি নিহত
মানিকগঞ্জের টেপড়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে আজ মঙ্গলবার অ্যাম্বুলেন্সের ধাক্কায় সোরহাব মোল্লা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের মৃত এজু মোল্লার ছেলে।
সোরহাব ঘিওর উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে কেরানি পদে চাকরি করতেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের মামাতো ভাই নজরুল ইসলাম ও স্থানীয় লোকজন জানান, সোরহাব অফিস থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো এ ০৬-৪৭০২) চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন। আজ পৌনে ৫টার দিকে টেপড়া বাসস্ট্যান্ডের কাছে পিডিবি কার্যালয়ের সামনে মহাসড়ক থেকে ডান পাশে বাড়ি যাওয়ার রাস্তার ঢালুতে নামতে মোড় নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ছাই রঙের অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কা দিয়ে পাটুরিয়া ফেরিঘাটের দিকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা সোরহাবকে উথুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্র মণ্ডল জানান, হাসপাতালে আনার আগেই সোরহাবের মৃত্যু হয়েছে। এ কারণে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও কোনো কাজে আসেনি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহসান জানান, গাড়িটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। আর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ