ফরিদপুরে হোটেলে অভিযান, ১০ তরুণ-তরুণীকে সাজা
ফরিদপুর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণ-তরুণীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অসামাজিক কর্মকাণ্ডের দায়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আর অসামাজিক কর্মকাণ্ডে সহায়তা করার দায়ে একটি হোটেলের মালিককে ১৫ হাজার টাকা ও অন্য হোটেলের ব্যবস্থাপককে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার হাজী শরীয়তউল্লাহ বাজার এলাকায় আবাসিক হোটেল পার্ক প্যালেস ও রয়েল প্যালেসে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয়।
পার্ক প্যালেসে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সেখানে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে তিন তরুণ ও তিন তরুণীসহ ছয়জনকে ছয়দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া ওই হোটেলের মালিক মো. রাজীব হোসেনকে (৩৪) ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রয়েল প্যালেস নামের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক। সেখানে দুই তরুণ ও দুই তরুণীসহ চারজনকে আটক করে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। এ ছাড়া ওই হোটেলের ব্যবস্থাপক মো. সালাউদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান ও ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক এনটিভি অনলাইনকে জানান, ১৮৬০ সালের দণ্ডবিধির আইনের আওতায় অসামাজিক কর্মকাণ্ডের দায়ে ছয় তরুণ-তরুণীকে ছয়দিন করে এবং চার তরুণ-তরুণীকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আবাসিক হোটেলের মালিক ও এক ব্যবস্থাপককে অসামাজিক কাজে সহায়তা করার দায়ে ভোক্তা অধিকার আইনে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর