সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত মামলার আসামি গ্রেপ্তার
দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং আরো ১৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ।
মোহাম্মদ আলী নামের ওই আসামিকে আজ বুধবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি জানান, মোহাম্মদ আলী একটি মামলায় পাঁচ বছর এবং অপর একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। শ্যামনগর থানায় তাঁর বিরুদ্ধে আরো ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ছাড়া মোহাম্মদ আলীর বিরুদ্ধে খুলনা সদর, খানজাহান আলী থানা, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরার দেবহাটা থানায় আরো একটি করে মামলা রয়েছে বলে জানান ওসি। তিনি জানান, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা