বোয়ালমারীতে জাল টাকাসহ গ্রেপ্তার ১
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজার থেকে জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালমারী থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে একই ইউনিয়নের বাইখির গ্রামের আজাদ মোল্লা (২৫) রাজাপুর বাজারে খাদ্যদ্রব্য কিনে টাকা দেন। দোকানি টাকাগুলো জাল বলে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লোকজন আজাদকে আটক করে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজাদকে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা ১৮টি এক হাজার টাকার নোট ও ছয়টি ৫০০ টাকার নোট মোট ২১ হাজার টাকার জাল টাকা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) কে এম লিয়াকত আলী থানায় মামলা করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর