কলেজছাত্রী অপহরণ মামলায় বিএনপি নেতা ও তাঁর ভাই গ্রেপ্তার
কলেজছাত্রী অপহরণ মামলায় ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আবদুল শুকুর শেখ ও তাঁর ছোট ভাই শেখ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে নিজ বাড়ি ছোলনা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে ফরিদপুর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গত বছরের ৬ অক্টোবর সাবেক পৌর মেয়রের ছোট ছেলে জসিম শেখ (২৬) উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা ১৩ অক্টোবর আবদুল শুকুর শেখ (৬০), তাঁর ছোট ভাই শেখ সেলিমুজ্জামান রুকু (৪০) ও ছেলে জসিম শেখকে (২৬) আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেন। এই মামলায় আবদুল শুকুর শেখ গত ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে এক মাস চার দিনের জামিন নেন। হাইকোর্ট তাঁকে ২৬ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু শুকুর শেখ আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন। এ কারণে তাঁকে ও তাঁর ভাইকে আটক করা হয়েছে।
এদিকে বিএনপি নেতা ও তাঁর ভাইকে আটকের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শাহ মো. আবু জাফর ও ফরিদপুর জেলা বিএনপি তীব্র নিন্দা জানিয়ে এটিকে ষড়যন্ত্রমূলক মামলা হিসেবে উল্লেখ করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর