পদ্মায় স্পিডবোটের সংঘর্ষ, তিনজনের লাশ উদ্ধার
ঘন কুয়াশায় কাওরাকান্দি-শিমুলিয়া নৌরুটে মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত তিনজন হলেন—বরিশাল বিমানবন্দর থানার পূর্ব রহমতপুর গ্রামের মনোয়ার মৃধা (১৮), মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালতল গ্রামের ইব্রাহিম মাদবর (২০) ও ফরিদপুরের ভাঙ্গার হোসনে আরা লিপি (৩২)।
শিবচর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ও কাওরাকান্দি ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘন কুয়াশার মাঝেই শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওরাকান্দি ঘাটের কাছাকাছি এলে কাওরাকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় আট যাত্রী উদ্ধার হয়।
এদিকে, লিপি বেগম (৩৫) নামের এক নারী নিখোঁজ রয়েছেন বলে ওই স্পিডবোট যাত্রী তাঁর ভাই সফিকুল ইসলাম দাবি করেন।
দুর্ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর নিখোঁজদের সন্ধানে শনিবার সকালে পদ্মাপাড়ে আরো দুজনের পরিবার আসে। নিখোঁজদের লাশ উদ্ধারে শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের শিবচর, ভাঙ্গা টিমের সঙ্গে ঢাকার ডুবুরি দল অভিযান শুরু করে। দুপুর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে দুই যুবকের লাশ ও পরে সন্ধ্যায় এক নারীর লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এম. আর. মুর্তজা, মাদারীপুর