মাদারীপুরে বোমা মেরে, কুপিয়ে যুবককে হত্যা
মাদারীপুরের কালকিনি উপজেলায় বোমা মেরে ও কুপিয়ে জুয়েল মৃধা (৪০) নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার মোহরোদ্দিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জুয়েল মৃধা কালকিনির ইছাগুরা গ্রামের নান্না মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে ইছাগুরা গ্রামের রশিদ খাঁর ছেলেরাসহ পাঁচ-সাতজন জুয়েলকে ধাওয়া দিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় তিনি দৌড়ে পালাতে গেলে কুট্টি হাওলাদারের পুকুর পাড়ে প্রথমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জুয়েলকে আহত করা হয়। এরপর রামদা দিয়ে হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জুয়েলকে হত্যা হয়।
মোহরোদ্দিরচর গ্রামের লোকজন জানায়, গ্রামের রশিদ খাঁর সঙ্গে এক যুগেরও বেশি ধরে নান্না মৃধার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই কারণে ইছাগুরা গ্রামের নান্না মৃধার ছেলে জুয়েল মৃধাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর