দিনাজপুরে খ্রিস্টান মিশনের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
গুরুতর আহত সুকু সরেনকে গতকাল বুধবার গভীর রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছবি : এনটিভি
দিনাজপুর সদর উপজেলায় একটি খ্রিস্টান মিশনের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আউলিয়াপুরে লুথারেন মিশনে এ ঘটনা ঘটে।
নিহত প্রহরীর নাম সুকু সরেন। তাঁর বাড়ি আউলিয়াপুর গ্রামে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ান করিম জানান, গত রাত আড়াইটার দিকে একদল ডাকাত দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরে লুথারেন মিশনে ডাকাতির চেষ্টা করে। এ সময় বাধা দিলে নৈশপ্রহরী সুকু সরেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায় তারা। গুরুতর অবস্থায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুকু সরেনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফারুক হোসেন, দিনাজপুর