সুবর্ণজয়ন্তীতে বিজিবি-বিএসএফের মিলন মেলা
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরের বেনাপোলের নোমান্স ল্যান্ডে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজিবি ও বিএসএফ সদস্যরা যৌথ প্যারেডে অংশগ্রহণ করে।
আজ শুক্রবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফের বিপুল সদস্য এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ মিলন মেলায় অংশগ্রহণ করেন। এ সময় বিএসএফকে মিষ্টি ও ফুল দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায় বিজিবি।
মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ও বিজিবির সেক্টর কমান্ডার মহিউদ্দিন খান। অন্যদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ১৭৯ বিএসএফের কমান্ডিং অফিসার অরুণ কুমার সিংহ, কর্নেল অনীল কুমার ও কর্নেল সুরেন্দ্র সিং।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে ভাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল সেটি আরও শক্তিশালী করা এবং দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়।’
যৌথ প্যারেড অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ দুদেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে প্যারেড উপভোগ করে।

মহসিন মিলন, বেনাপোল