সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহতের ঘটনার পর গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) এবং একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কয়েক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলে রুবেল ও ফরজ আলী নিহত হন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ