সহকর্মীর বিয়ের পার্টি স্প্রে কিনতে গিয়ে প্রাণ গেল যুবকের
গোপালগঞ্জে সহকর্মীর বিয়ের অনুষ্ঠানের পার্টি স্প্রে কিনে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন দেবনাথ (২৩) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাশের পুকুর থেকে সুমনের লাশ উদ্ধার করেছে।
নিহত সুমন ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের সুদীপ দেবনাথের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সুমন দোকানের অপর কর্মচারী বিনয়ের বিয়ে উপলক্ষে বুধবার রাতে মোটরসইকেলে করে পার্টি স্প্রে কিনতে উজানী থেকে মুকসুদপুর উপজেলা সদরে যান। স্প্রে কিনে ফেরার পথে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে মারা যান। সকালের দিকে স্থানীয়রা পুকুরে একটা লাশ দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সেখান থেকে সুমনের লাশ, মোটরসাইকেল, তাঁর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।
লাশটি মুকসুদপুর থানায় রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ