লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজনের করোনা পজিটিভ
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের একজন টেকনিশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ মোট ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, জেলায় মোট ১৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিল। শনিবার সকাল পর্যন্ত মোট ৫২টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসকসহ ছয়জনের করোনাভাইরাসের নমুনা পজিটিভ এসেছে। এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট সাতজনের করোনা শনাক্ত হলো।
এর মধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে এরই মধ্যে করোনামুক্ত ঘোষণা করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে নড়াইল সিভিল সার্জন চিকিৎসকদের পরামর্শ মেনে চলাচলের আহ্বান জানিয়েছেন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল