মুন্সীগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা, আটক ২
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মো. রবিউল (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শ্রীনগরের দেউলভোগ এলাকায় রবিউলকে কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রবিউল। দেউলভোগ এলাকার হাবিবুর রহমানের ছেলে রবিউল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে আহত করে রবিউলকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, কুপিয়ে আহত রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ ঘটনার সূত্রপাত।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ