মানি লন্ডারিং মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৬ জুন সিআইডি ঢাকার কাফরুল থানায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ও তাঁর ভাই রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করে। ওই মামলার আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। নিশান মাহমুদ ফরিদপুর শহরের মধ্য আলিপুর মহল্লার বাসিন্দা।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বলেন, মানি লন্ডারিং মামলায় ঢাকায় নিশান মাহমুদ গ্রেপ্তার হলেও তাঁকে ফরিদপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর ওপর হামলা এবং চাঁদাবাজির অভিযোগে হওয়া অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ ছাড়া তাঁকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলা এবং মানি লন্ডারিং মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান রয়েছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর