ভোলায় ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
ভোলার লালমোহন ও চরফ্যাসন উপজেলার সাতটি ইউনিয়নে কালবৈশাখীতে দুই শতাধিক ঘরবাড়ি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় হঠাৎ করে কালবৈশাখী আঘাত হানে।
কিছু বুঝে ওঠার আগেই লালমোহনের রমাগঞ্জ, পশ্চিম চর উমেদ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লণ্ডভণ্ড করে দিয়েছে গ্রামের ঘরবাড়ি। বিশাল আকারের গাছ আবার বাড়ির অর্ধেকটা উড়িয়ে নিয়েছে অনেক দূরে। ফেলেছে অন্য বাড়ির পুকুরের মধ্যে। এ ছাড়া গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে ঘর। চরম দুর্ভোগের মধ্যে এসব গ্রামের লোকজন।
খবর পেয়ে আজ শুক্রবার সকালেই ছুটে যান স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাদের টিন দেওয়াসহ সার্বিক ক্ষতি কাটিয়ে উঠতে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেন।
অন্যদিকে, ঝড়ে জেলার চরফ্যাসন উপজলার নুরাবাদ, নীলকমল, আবুবক্করপুর ও ওসমানগঞ্জ ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লণ্ডভণ্ড করে দিয়েছে গ্রামের ঘরবাড়ি। ভেঙে পড়েছে গাছপালা। অসহায় এসব পরিবার সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

আফজাল হোসেন, ভোলা