বেনাপোল প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকি, থানায় জিডি
বেনাপোল প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি অনলাইনের বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনকে জাহিদ হাসান নামে এক ব্যক্তি প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। সভাপতিকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় আজ রোববার দুপুরে তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাংবাদিক পরিচয়দানকারী জাহিদ বেনাপোলসহ আশপাশের লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা আদায় করছেন, যা সাংবাদিক সমাজের জন্য আত্মসম্মান ও মানহানিকর। বিষয়টি বেনাপোল প্রেসক্লাবের সভাপতি ও অন্য সাংবাদিকদের নজরে পড়লে তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হলে তিনি সাংবাদিক মহসিন মিলনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হন।
এ ব্যাপারে সাংবাদিক মহসিন মিলন বলেন, গত ৪ আগস্ট বেলা আনুমানিক ১টার দিকে আমার মোবাইল ফোন নম্বরে ০১৯১৯০১১৬২৯ নম্বর থেকে কল দিয়ে বিব্রতকর কথাবার্তাসহ হুমকি দেন। এই সময় দুটি জাতীয় দৈনিকের সাংবাদিক নজরুল ইসলাম ও কামাল হোসেন তাঁকে (জাহিদ) বোঝানোর চেষ্টা করলে তিনি আরও উসকানিমূলক কথাবার্তা বলতে থাকেন। বিষয়টি যশোরের সিনিয়র সাংবাদিকদের জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ৬ আগস্ট আমার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্মান ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন অপপ্রচার চালান; যা আমার জন্য চরম আত্মসম্মান ও মানহানিকর।
মহসিন মিলন আরও জানান, জাহিদ প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তাই আমি আমার নিরাপত্তার কথা বিবেচনা করে বেনাপোল বন্দর থানায় আজ রোববার একটি জিডি করেছি।
প্রেসক্লাব সভাপতিকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় বেনাপোল রিপোর্টার্স ইউনিটি, বেনাপোল প্রেসক্লাব, বেনাপোল টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেনাপোল মানবাধিকার কমিশন, মানবাধিকার সংগঠন রাইটস যশোর, বেনাপোল নাগরিক কমিটি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নাছির উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মহসিন মিলন, বেনাপোল