বিয়ের অনুষ্ঠানে প্রশাসন, পালালেন অতিথিরা
সরকারঘোষিত চলমান লকডাউন উপেক্ষা করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিয়ের অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা। আজ বুধবার বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তরফুলদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, লকডাউন উপেক্ষা করে গজারিয়ার উত্তরফুলদী গ্রামের মো. লোকমান হোসেন মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ওই বাড়িতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আয়োজনে যোগ দেওয়া অতিথিরা পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে সব আয়োজন বন্ধ করে দেয় এসিল্যান্ড।
এদিকে, লকডাউন বাস্তবায়নে প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতান বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তবুও যারা সরকারি আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানের সময় উপস্থিত ছিলেন দুলাল মেম্বার ও করোনা প্রতিরোধ কমিটির ওয়ার্ড সাধারণ সম্পাদক ওজিদুর রহমান।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ