ফরিদপুরে হতদরিদ্রদের মধ্যে আ.লীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ
ফরিদপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হারুন ব্যক্তিগত উদ্যোগে শহরের ৩০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের বদরপুর এলাকায় এলজিইডি কার্যালয়ের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, খেজুর, মুড়ি ও চিনি।
এ সময় জাফর ইকবাল হারুন বলেন,নভেল করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষগুলো বেশ কষ্টে দিনযাপন করছে। এই কষ্টে থাকা মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু ইফতার সামগ্রী তাঁদের মধ্যে তুলে দেওয়া হলো।
জাফর ইকবাল হারুন বলেন, ‘আমি চেষ্টা করছি এইসব অসহায় মানুষের জন্য। আমি প্রথম থেকেই খাদ্য সহায়তা করে আসছি। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে।’
এদিকে এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও করোনাভাইরাসের কারণে কর্মহীন থাকা শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন জাফর ইকবাল হারুন।

সঞ্জিব দাস, ফরিদপুর