ফরিদপুরে শেষ হলো সপ্তাহব্যাপী বইমেলা
‘আট আনায় জীবনের আলো কেনা’ এই স্লোগানকে সামনে রেখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের সপ্তাহব্যাপী বইমেলা গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশারফ আলী ও জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফুয়াদ।
পরে সেরা স্টল, সেরা দেয়াল পত্রিকা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খুদে শিল্পীদের আবৃত্তি, নৃত্য, সংগীত, নাটিকার মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী বইমেলার আনুষ্ঠানিকতা শেষ হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর