ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বাড়খাদা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে।
ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘রাতে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে আমাকে খবর দেয়। পরে আমি বিষয়টি পুলিশসহ সবাইকে জানাই। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যের ফোন পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আমরা এখনো লাশের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। আশা করছি দ্রুত সময়ে অপরাধীদের আটক করা সম্ভব হবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর