ফরিদপুরে বাসের ধাক্কায় একজন নিহত, আহত ৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আজ শুক্রবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মাহিন্দ্রা গাড়ি। ছবি : এনটিভি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় রাশেদা বেগম (৬০) নামের এক মাহিন্দ্রা যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেলে। এ সময় আহত হয় আরো চারজন।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হতাহত ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাশেদা বেগম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মাহিন্দ্রা গাড়িতে চড়ে ভাঙ্গা থেকে কাশিয়ানি যাচ্ছিলেন। পথে মুনসুরাবাদ নামক স্থানে এলে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্রকে ধাক্কা দেয়। এতে রাশেদা বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত হয় চারজন। এ সময় এলাকার উত্তেজিত জনতা মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মহাসড়কের অবরোধ তুলে নেয় তারা।

সঞ্জিব দাস, ফরিদপুর