ফরিদপুরে করোনা রোগীর স্ত্রীও আক্রান্ত, জেলায় মোট রোগী ৪ জন
ফরিদপুরে করোনা রোগী বেড়ে চার জনে দাঁড়িয়েছে। তাঁদের তিনজনই এ উপজেলার ডাঙ্গি ইউনিয়নের। অপরজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়।
নতুন করে আক্রান্ত একজন হলেন নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ডাঙ্গি গ্রামের পুরনো করোনা রোগীর স্ত্রী। বোয়ালমারীর অপরজন নগরকান্দায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে আক্তান্ত হয়েছেন বলে জানা গেছে।
গত সোমবার নগরকান্দায় প্রথম করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী পাওয়া যায়। ওইদিন রাতেই নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়। আক্রান্ত ব্যক্তিকে পরদিন মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়। আর নতুন করে আক্রান্ত নারীকে আজ শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হবে বলে জানা গেছে।
এ ছাড়া অপর আক্রান্ত বোয়ালমারীর রোগী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। সেখান থেকেই তাঁর নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো।
সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা কিছু নমুনা ঢাকায় পাঠাই। এদের মধ্যে শুক্রবার রাতে দুজনের করোনা পজেটিভ এসেছে। আর এ পর্যন্ত ফরিদপুরে ১২৪ জন সন্দেহভাজনের করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। যাদের মধ্যে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।’
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ৯৪১ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭০৬ জন। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৩৫ জন।

সঞ্জিব দাস, ফরিদপুর