ফরিদপুরে করোনা উপসর্গে নারীর মৃত্যু, স্বামী-সন্তান অসুস্থ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর (৩৮) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনি কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর ও ডায়েরিয়ায় ভুগছিলেন। এ ছাড়া তাঁর স্বামী (৫০) ও ছেলে (২০) অসুস্থ বলে জানা গেছে।
ওই নারীর প্রতিবেশী সেলিম ফকির বলেন, ‘উনার ছেলে পেশায় ভ্যানচালক। ধারণা করা হচ্ছে, ছেলেই বাহির থেকে করোনাভাইরাস বহন করে বাড়িতে এনেছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে গোসল করাতে এবং তাঁর জানাজা পড়াতে রাজি হয়নি।’
পরে আজ বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত হয়ে গোসল ও নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করেন বলে জানান ওই প্রতিবেশী।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে মেডিকেল টিম পাঠিয়ে ওই নারীর, তাঁর স্বামী ও ছেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

সঞ্জিব দাস, ফরিদপুর