নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত, ওসিসহ আহত ৫
নোয়াখালীর মাইজদীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার পলাতক আসামি ও মাদক ব্যববায়ী ইব্রাহিম খলিল ওরফে ভান্ডারী রুবেল (২৭) নিহত হয়েছে। এ সময় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, সদর উপজেলার আবুল কাশেমের ছেলে ইব্রাহিম খলিল ওরফে ভান্ডারী রুবেলের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ ১৬টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মাইজদী পৌর এলাকা থেকে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর জিজ্ঞাসাবাদে আরো মাদক ও অস্ত্রের সন্ধানে গেলে সদরের হরিনারায়ণপুর বাজারের রেল লাইনের পাশে সাফা মিয়ার বাগান বাড়িতে ওত পেতে থাকা তাঁর সঙ্গীরা গুলি চালায়। এ সময় পুলিশও গুলি চালায়। প্রায় ১৫ মিনিটব্যাপী পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের এবপর্যায়ে ভান্ডারী রুবেল মারাত্মক আহত হয়। আহতবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ওসি কামরুজ্জামান জানান, উভয়পক্ষের বন্দুকযুদ্ধে পুলিশ শটগানের ৩০টি গুলি ও পিস্তলের পাঁচটি গুলি ছুঁড়ে। গুলিতে তিনি, উপপরিদর্শক (এসআই) সাঈদ মিয়া, এসআই ওমর ফারুক, এএসআই মাসুদ আলম ও দেলোয়ার হোসেন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয়টি কার্তুজ, ৩০টি রামদাসহ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী