নিখোঁজের ৩ দিন পর ধলেশ্বরী থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পরে নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় বশির ব্যাপারী নামের এক মাছ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার চর আলীরটেক এলাকা থেকে বশির ব্যাপারীর লাশ উদ্ধার করা হয়।
স্বজনেরা জানান, তিন দিন আগে বশির কান্দাপাড়া এলাকা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় টঙ্গিবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রাতে তাঁর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজনেরা।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান জানান, রাতে ধলেশ্বরী নদীতে হাত-পা বাঁধা অবস্থায় বশিরের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ