দেয়ালচাপায় শিশুর মৃত্যু : মালিককে আত্মসমর্পণের নির্দেশ
সাভারের আশুলিয়ায় একটি একতলা ভবনের দেয়াল ধসে পঞ্চম শ্রেণির ছাত্রী (১৩) নিহতের ঘটনায় ভবন মালিক মো. আলী হোসেনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ আলী হোসেনকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।
চলতি বছরের ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় শিমুলিয়া রোডে মদিনা ব্যাচেলর ম্যাচ ভবনের দেয়াল ধসে ওই শিশু মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো পাঁচজন।
ওই ছাত্রী কুষ্টিয়া জেলার সদর থানার পূর্ব রাতুলপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে কোনাপাড়া কলাবাগান এলাকায় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
ওই দিন ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার জিরানী এলাকায় মদিনা নামে পুরাতন ভবনটি সংস্কারের জন্য ভাঙা হচ্ছিল। এ সময় ভবনটির পাশের একটি দেয়াল সড়কের ওপর পড়লে ওই কিশোরী মারা যায়। সে সময় মিনা তার মায়ের সঙ্গে কেক কিনতে যাচ্ছিল।
এ ঘটনায় মালিকের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা আশুলিয়া থানায় মামলা করেন। সেই মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

নিজস্ব প্রতিবেদক