তৈরি বরিশালে, নাম ‘বগুড়ার দই’
বরিশাল শহরে দই তৈরি করে বিখ্যাত বগুড়ার দই বলে বিক্রি করার দায়ে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাশিপুর এলাকার ভূইয়া বাড়ির সামনে অবস্থিত দই কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর।
বিষয়টি নিশ্চিত করে আদালতের প্রসিকিউশন অফিসার সৈয়দ এনামুল হক বলেন, ‘বরিশাল নগরীর কাশিপুর এলাকার একটি কারখানায় তৈরি করা হয় সাধারণ মানের দই। পরে স্টিকারে ‘বগুড়ার দই’ লিখে বিক্রি করা হয় বরিশালের বিভিন্ন বাজারে। এ খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রতারণার মাধ্যমে দই বিক্রি করায় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।’

আকতার ফারুক শাহিন, বরিশাল