টাইমস ইউনিভার্সিটিতে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
দাবি আদায়ে ফরিদপুর শহরে অবস্থিত বেসরকারি টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ছয়টি ব্যাচের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ইউনিভার্সিটির প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসের সামনে অবস্থান নেন। এ সময় থেমে থেমে তাঁরা স্লোগান দিয়ে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেনের বিচার দাবি করেন। খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান।
ইউনিভার্সিটির হাসিব নামের এক শিক্ষার্থী বলেন, তাঁরা সফলভাবে ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ করলেও আজ পর্যন্ত কোনো সনদ পাননি। এ জন্য এখন পর্যন্ত কোনো ধরনের চাকরি পাচ্ছেন না তাঁরা।
হাসিব বলেন, ‘এর আগে এ নিয়ে আন্দোলন শুরু করলে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেন পুলিশ দিয়ে আমাদের আটক করে মিথ্যা মামলা দিয়েছে। তিনি একজন প্রতারক। পাঠদানের অনুমোদন পাওয়ার আগেই তিনি আমাদের ভর্তি করিয়েছেন। এতে আজ আমাদের ছয়টি ব্যাচের ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস হয়ে গেছে।’
এদিকে টাইমস ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক আলাউদ্দিন মোল্যা বলেন, ‘এসব বিষয়ে আমাদের চেয়ারম্যান হাইকোর্টে বাদী হয়ে একটি মামলা করে বাংলাদেশ মঞ্জুরি কমিশনকে বিবাদী করে। আর সেই মামলায় আমরা রায় পেয়েছি। আশা করছি, এ ঘটনা দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর