ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ঘন কুয়াশা সৃষ্টি হলে আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এর ফলে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অন্যদিকে, হঠাৎ কুয়াশা পড়ায় তিনটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ এ খবর নিশ্চিত করে জানান, নদীতে কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যাওয়ায় ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
আলী আহমেদ আরো জানান, নৌরুটের মোট ১৭টি ফেরির মধ্যে তিনটি ফেরি মাঝ পদ্মায় ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। ঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ