নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষ, শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার দিনভর বিজিবি-বিএসএফ স্থানীয় পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো দেশ। আর এ কারণে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়েছে শিশু, নারী-পুরুষসহ ১৭ জন।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ভারতীয় ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। ১৭ জনের মধ্যে ছয় পুরুষ, ছয়জন নারী এবং পাঁচ শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে।
এদিকে, নওগাঁ সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থানরত ১৭ শিশু নারী ও পুরুষ নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে। তাদের বাড়ি যশোর ও সাতক্ষীরা জেলায় বলে তারা জানিয়েছে। দু-একজনের কাছে বাংলাদেশি কাগজ থাকলেও বেশিরভাগই বাংলাদেশি হিসেবে তাদের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শিশুগুলো ভারতে জন্মগ্রহণ করেছে বলে জানান তারা। তাদের কথাবার্তার মধ্যে অনেক রকমের অসংলগ্নতা পাওয়া গেছে। তারা দাবি করেছে তাদের বাড়ির সাতক্ষীরা ও যশোর জেলায়। জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে তারা সীমান্তের অবৈধ পথে ভারতে পাড়ি জমায়। প্রায় এক মাস আগে ভারতের কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। সম্প্রীতি তাদের বিএসএফের কাছে সোপর্দ করা হয়।
আজ শুক্রবার সকালে তাদের নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশের পুশইন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি এ পুশইন ঠেকাতে সকাল থেকেই সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।
সবশেষ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভারত সীমান্তে বিএসএফ ও বাংলাদেশের সীমান্তে বিজিবি কঠোর অবস্থান নিয়ে আছে। মাঝখানে নোম্যান্স ল্যান্ডে ওই ১৭ জন অবস্থান নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
আজ বিকেলে কলমুডাঙ্গা সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পর ওই এলাকায় বিজিবি টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ