কুমিল্লায় ১৪০০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১
কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা থেকে এক হাজার ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইব্রাহিম ওরফে ইবু নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।
আটককৃত ইব্রাহিম জেলার আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর এলাকার আলেক হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আন্ওয়ারুল আজিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত এলাকা থেকে শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার থেকে ফেনসিডিলগুলো জব্দ ও তল্লাশিকালে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম নামের একজনকে আটক করা হয়। জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ সার্কেল) তানভীর সালেহীন ইমন, জেলা ডিবির ওসি মো. আনওয়ারুল আজিমসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা