কুমিল্লায় ‘বোমা’ তৈরির সরঞ্জাম জব্দ
কুমিল্লার দেবীদ্বারের বিহারমণ্ডল বাজারে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট এবং সিআইডির একটি টিম বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করে।
আজ সোমবার সকালে ঘটনা তদন্তে পুলিশ ও সিআইডির একটি তদন্তদল পুনরায় ঘটনাস্থলে গেছে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ৮টার দিকে দেবীদ্বারের বিহারমণ্ডল বাজারে হঠাৎ দুটি বিস্ফোরণের শব্দ শুনে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে সেখানে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, ‘খবর পেয়ে দেবীদ্বার-বি-পাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহর নেতৃত্বে আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যাই। লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেই। খবর দেওয়ার পর রাত ২টার দিকে ঢাকা বোমা ডিসপোজাল এবং সিআইডির একটি টিম এসে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করে। তবে এর আগে দুটি বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।’
বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানায়, যেসব সরঞ্জাম জব্দ করা হয়েছে, তা শক্তিশালী বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
এদিকে, পুলিশ ও সিআইডির একটি তদন্ত দল আজ সোমবার সকালে আবার ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা