করোনাভাইরাস নিয়ে সতর্ক হতে বললেন তাপস
করোনাভাইরাস যাতে ঢাকা বা বাংলাদেশের প্রবেশ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আগাম ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ রোববার রাজধানীর সবুজবাগ থানার ৫ নম্বর ওয়ার্ডের মায়াকানন রোড (অতীশ দীপঙ্কর মহাসড়ক) ও এর আশপাশের এলাকায় গণসংযোগ চলাকালে তাপস এ অনুরোধ জানান।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা লক্ষ্য করছি, চীনে করোনাভাইরাস নামে একটি রোগ ছড়িয়ে পড়েছে। আমি অনুরোধ করব, যারা চায়নাতে যাতায়াত করেন তাঁরা যেন সতর্ক থাকেন, যাতে এই ভাইরাস ঢাকা বা বাংলাদেশে না আসে। একই সঙ্গে আমি অনুরোধ করব প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে সতর্ক থাকেন, পাশাপাশি যাতে তাঁরা আগাম ব্যবস্থা গ্রহণ করেন।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আধুনিক ও সচল ঢাকা গড়তে আমরা প্ররয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেই সঙ্গে ঐতিহ্যের ঢাকা, আধুনিক ঢাকা, উন্নত ঢাকা ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
নৌকা মার্কার প্রার্থী বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অচল ঢাকাকে সচল হিসেবে গড়ে তুলব। সেখানে নির্দিষ্ট সড়কে নির্দিষ্ট যানবাহন চলাচল করবে। কিছু সড়ক থাকবে যেখানে শুধু ঘোড়ার গাড়ি চলাচল করবে। আর কিছু সড়ক থাকবে শুধু মানুষের হাঁটার জন্য আর কিছু সড়কে ভারী যানবাহন এবং হালকা যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট থাকবে।
বিরোধী প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার তাপস বলেন, ‘এখানে প্রভাব বিস্তারের কিছু নেই। একজন প্রার্থী হিসেবে তাঁরা যে সুবিধা পাচ্ছেন আমিও একই সুবিধা পাচ্ছি। আমরা হেঁটে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।’
এর আগে সবুজবাগের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মায়াকানন এলাকায় জড়ো হতে থাকেন। মিছিল ও স্লোগানে তাঁরা মুখর করে তুলেন আশপাশের এলাকা।
এ সময় স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী ও নেতাকর্মীরা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত হলে তাঁর হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
