ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন না করায় মানুষ অধিকারবঞ্চিত : মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন না করায় মানুষ অধিকারবঞ্চিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আজ সোমবার (১ মে) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘শ্রমজীবী মানুষ সব উন্নয়ন ও অগ্রগতির কর্ণধার। তাদেরকে বঞ্চিত করে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনো সম্ভব নয়। শ্রমিকদের ঘামকে পুঁজি করে একশ্রেণির মানুষ রাতারাতি আঙুল ফুলে বটগাছে পরিণত হয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালিত হচ্ছে। কিন্তু, ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন না করায় শ্রমজীবী মানুষ আজও অধিকারবঞ্চিত।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি কামাল উদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, শ্রমিকনেতা এইচ এই রফিকুল ইসলাম, কে এম বেলাল হোসেন, যুবনেতা ইলিয়াস হোসাইন, মাওলানা গোলাম কিবরিয়া, হাফেজ ওবায়দুল্লাহ বরকত, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়া প্রমুখ।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘ইসলামি শ্রমনীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না। বিনা ভোটের বর্তমান সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় সম্ভব নয়। এজন্য সর্বত্র আল্লাহভীরু নেতা নির্বাচিত করতে হবে।’ তিনি বলেন, ‘ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় দেশ এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এমতাবস্থায় একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।’

নিজস্ব প্রতিবেদক