অর্থ আত্মসাতে প্রকৌশলীর সঙ্গী আ. লীগ নেতা, মামলা
ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও এক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ফরিদপুর কার্যালয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশেষ জেলা জজ (জেলা ও দায়রা জজ) মো. সেলিম মিয়ার আদালতে নিজে বাদী হয়ে এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল।
আসামিরা হলেন জেলার ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান ওরফে রাজা এবং উপজেলা প্রকৌশলী (বর্তমানে এলপিআরে) প্রদীপ কুমার মিত্র।
দুদক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ জনু আসামিরা পরস্পর যোগসাজসে জাল ডকুমেন্ট তৈরি করেন। তারা সেগুলোকে আসল হিসেবে দাবি করে প্রকৃত ঠিকাদার মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজকে প্রকল্পের টাকা না দিয়ে দুই লাখ ৮৬ হাজার ৮৭২ টাকা আত্মসাত করেন।
এ দুজন জাল ডকুমেন্টের মাধ্যমে বিল পাস করে উপজেলা হিসাব কার্যালয়ে পাঠান। এরপর সেখান থেকে ওই টাকা গ্রহণ করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান।
ভাঙ্গার উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্রের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে সংযোগ না পাওয়ার এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে দুদকে হওয়া মামলা সম্পর্কে আমার জানা নেই। মামলার বিষয়ে ভালোভাবে জেনে আমি প্রতিক্রিয়া জানাব।’

সঞ্জিব দাস, ফরিদপুর