বাড়ির ওয়াই-ফাই থেকে অপরিচিত ডিভাইস ব্লক করবেন যেভাবে
বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কে অপরিচিত কোনো ডিভাইস যুক্ত হলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের দেওয়া বা বাজার থেকে কেনা অধিকাংশ রাউটার ও গেটওয়ের সঙ্গে থাকা অ্যাপ নতুন ডিভাইস যুক্ত হলে সতর্কবার্তা দেয়। তবে অনেক সময় ডিভাইসের পরিচয় স্পষ্টভাবে দেখায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনের গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ডিভাইসের নামের পরিবর্তে অক্ষর ও সংখ্যার সমন্বয় কিংবা ‘অজানা’ লেখা দেখা যেতে পারে।
এ অবস্থায় প্রথমেই রাউটারের অ্যাপ খুলে নেটওয়ার্কে যুক্ত ডিভাইসের তালিকা দেখতে হবে। রাউটারের ধরন অনুযায়ী তালিকাটির নাম ভিন্ন হতে পারে। সাধারণত ‘যুক্ত ডিভাইস’, ‘সংযুক্ত ডিভাইস’ বা ‘ডিভাইস তালিকা’ ধরনের অপশন থাকে। সেখানে বর্তমানে যুক্ত, আগে যুক্ত হওয়া এবং অচেনা ডিভাইসগুলো দেখা যায়।
কম্পিউটার থেকে রাউটারের সেটিংসে ঢুকলেও একই কাজ করা যায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রাউটার বা মডেমের নির্দেশিকা কিংবা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করতে হবে। রাউটারের প্রশাসনিক পাসওয়ার্ডও প্রয়োজন হবে। মনে রাখতে হবে, রাউটারের প্রশাসনিক পাসওয়ার্ড এবং ওয়াই-ফাইয়ে যুক্ত হওয়ার পাসওয়ার্ড এক নয়।
ডিভাইসটি নিজের কি না যাচাই করুন
তালিকায় অপরিচিত কোনো ডিভাইস দেখলেই সেটিকে ব্লক করা ঠিক হবে না। প্রথমে সেটির ম্যাক ঠিকানা যাচাই করতে হবে। এরপর বাড়িতে ব্যবহৃত মোবাইল, কম্পিউটার, স্মার্ট টিভি বা অন্যান্য ডিভাইসের ম্যাক ঠিকানার সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
আইফোনে সাধারণত সেটিংস → ওয়াই-ফাই → ওয়াই-ফাই ঠিকানা অংশে ম্যাক ঠিকানা পাওয়া যায়। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস → ডিভাইস সম্পর্কে → অবস্থা বা হার্ডওয়্যার তথ্য অংশে ম্যাক ঠিকানা দেখা যেতে পারে। ফোনের মডেল ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী অপশনের নাম কিছুটা পরিবর্তিত হতে পারে।
অপরিচিত ডিভাইস ব্লক করবেন যেভাবে
ডিভাইসটি নিজের নয় এবং অনুমতি ছাড়া নেটওয়ার্কে যুক্ত হয়েছে বলে নিশ্চিত হলে রাউটারের অ্যাপে সেটির বিস্তারিত অংশ খুলতে হবে। সেখানে ‘অ্যাক্সেস নিয়ন্ত্রণ’, ‘ম্যাক ফিল্টারিং’ বা এ ধরনের কোনো অপশন খুঁজে নিতে হবে।
রাউটারের ধরন অনুযায়ী পদ্ধতি ভিন্ন হতে পারে। উদাহরণ হিসেবে কিছু রাউটারে অ্যাডভান্সড → নিরাপত্তা → অ্যাক্সেস নিয়ন্ত্রণ অংশে এ ধরনের ব্যবস্থা পাওয়া যায়।
সেখানে অপরিচিত ডিভাইসটি নির্বাচন করে ব্লক করার নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে যে ডিভাইস ব্যবহার করে রাউটারের সেটিংসে ঢুকেছেন, সেটি যেন ভুল করে ব্লক না হয়ে যায়-এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
রাউটারের বিভিন্ন অপশনের কাজও ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। কোনো ডিভাইসকে সাময়িকভাবে থামিয়ে দেওয়া আর স্থায়ীভাবে ব্লক করা এক বিষয় নয়। কোনো ডিভাইস তালিকা থেকে সরিয়ে দিলেই যে সেটি আর নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না, এমন নয়।
ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডও পরিবর্তন করুন
অপরিচিত কোনো ডিভাইস আপনার ওয়াই-ফাইয়ে যুক্ত হয়েছে এবং সেটি আপনার অনুমোদিত নয়-এমন পরিস্থিতিতে শুধু ডিভাইসটি ব্লক করাই যথেষ্ট নয়। কারণ ওই ব্যক্তি যদি ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জেনে থাকেন, তাহলে অন্য কোনো ডিভাইস ব্যবহার করে আবার নেটওয়ার্কে যুক্ত হতে পারেন।
তাই দ্রুত ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। নতুন পাসওয়ার্ড অবশ্যই আলাদা, শক্তিশালী এবং অনুমান করা কঠিন হওয়া দরকার। পাসওয়ার্ড মনে রাখার জন্য লিখে রাখতে হলে সেটি নিরাপদ জায়গায় রাখতে হবে। রাউটার বা কম্পিউটারের পর্দায় পাসওয়ার্ড লিখে রাখা উচিত নয়।
বাড়ির নেটওয়ার্ক আরও নিরাপদ করবেন যেভাবে
অপরিচিত ডিভাইস সরিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করার পর রাউটারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। প্রথমেই রাউটারের প্রশাসনিক পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। শুধু ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করলে রাউটারের প্রশাসনিক পাসওয়ার্ড বদলায় না। তাই দুটির পাসওয়ার্ডই আলাদা ও শক্তিশালী রাখা উচিত।
রাউটারের ওয়্যারলেস নিরাপত্তা ব্যবস্থায় ডব্লিউপিএ-৩ পার্সোনাল বা ডব্লিউপিএ-২ পার্সোনাল সমর্থন করলে সেগুলো ব্যবহার করা উচিত। পুরোনো ডব্লিউইপি ও ডব্লিউপিএ নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে চলা ভালো।
এ ছাড়া রাউটারের ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে এবং স্বয়ংক্রিয় হালনাগাদের সুবিধা থাকলে সেটি চালু রাখা উচিত। রাউটার অনেক পুরোনো হয়ে গেলে এবং নির্মাতা প্রতিষ্ঠান আর নিরাপত্তা হালনাগাদ না দিলে নতুন রাউটার ব্যবহারের কথা বিবেচনা করা উচিত।
অতিথিদের জন্য আলাদা নেটওয়ার্ক
বাড়িতে অতিথি বা আত্মীয়স্বজনের জন্য আলাদা অতিথি নেটওয়ার্ক চালু করা যেতে পারে। এ নেটওয়ার্কের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে মূল ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড অন্যদের দিতে হয় না। ফলে মূল নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকিও কমে।
এ ছাড়া কিছুদিন পরপর রাউটারের সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করা ভালো। প্রতিদিন পরীক্ষা করার প্রয়োজন নেই, তবে নতুন বা অচেনা ডিভাইস যুক্ত হয়েছে কি না, তা নজরে রাখলে অননুমোদিত প্রবেশ দ্রুত শনাক্ত করা সম্ভব।
অনেক রাউটারের অ্যাপে যুক্ত ডিভাইসের নাম পরিবর্তনের সুবিধা থাকে। বাড়ির প্রতিটি ডিভাইসের পরিচিত নাম দিয়ে রাখলে ভবিষ্যতে অপরিচিত ডিভাইস শনাক্ত করা আরও সহজ হবে।
ওয়াই-ফাইয়ের নাম লুকিয়ে রাখলেই কি নিরাপত্তা বাড়ে?
ওয়াই-ফাইয়ের নেটওয়ার্ক নাম বা এসএসআইডি সম্প্রচার বন্ধ করে নেটওয়ার্কের নাম সাধারণ ডিভাইসের ওয়াই-ফাই তালিকা থেকে লুকিয়ে রাখা যায়। তবে এটিকে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ধরা ঠিক নয়।
নেটওয়ার্কের নাম লুকানো থাকলেও বিভিন্ন নেটওয়ার্ক শনাক্তকারী প্রযুক্তির মাধ্যমে তা খুঁজে বের করা সম্ভব। এমনকি অনুপ্রবেশকারীরা পরিচিত নেটওয়ার্কের নাম নকলও করতে পারে।
তাই শুধু নেটওয়ার্কের নাম লুকিয়ে রাখার ওপর নির্ভর না করে শক্তিশালী পাসওয়ার্ড, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত ফার্মওয়্যার হালনাগাদ এবং সংযুক্ত ডিভাইসের তালিকায় নজর রাখাই সবচেয়ে কার্যকর উপায়।
বাড়ির ওয়াই-ফাইয়ে নতুন কোনো ডিভাইস যুক্ত হওয়ার পর সেটি পরিচিত না হলে প্রথমে যাচাই করতে হবে, এরপর প্রয়োজন হলে ব্লক করতে হবে। একই সঙ্গে নিয়মিত পাসওয়ার্ড ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করলে অননুমোদিত প্রবেশের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ফিচার ডেস্ক