জিটিএ ৬ নিয়ে ঢাকায় গেমারদের নিয়ে আয়োজন, ছিল হার্ডওয়্যার প্রদর্শনী
দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে উন্মোচিত হয়েছে গেমিং দুনিয়ার বহুল আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’। গেমটির আনুষ্ঠানিক প্রকাশের দিনেই বাংলাদেশের গেমারদের জন্য বিশেষ আয়োজন করেছে বিশ্বখ্যাত হার্ডওয়্যার ব্র্যান্ড গিগাবাইট ও অরাস।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিজয় সরণির পুরাতন র্যাংগস ভবনের সপ্তম তলায় থাই চি রেস্তোরাঁ অ্যান্ড ক্যাফেতে অনুষ্ঠিত হয় ‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’ শীর্ষক এ আয়োজন। আয়োজনটির পাওয়ার্ড বাই অংশীদার ছিল প্লেএভার। এতে বাংলাদেশে সনির অফিশিয়াল পরিবেশক সনি-স্মার্টও অংশীদার হিসেবে যুক্ত ছিল।
বিশ্বজুড়ে ১৯ নভেম্বর গ্র্যান্ড থেফট অটো ৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর ঢাকার গেমারদের মধ্যেও তৈরি হয় ব্যাপক উন্মাদনা। প্রকাশের প্রথম দিনেই গেমটি সরাসরি খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হন অংশগ্রহণকারীরা।
আয়োজনে প্রথম ১০০ জন অংশগ্রহণকারী সরাসরি ‘জিটিএ ৬’ খেলার সুযোগ পান। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ টি-শার্ট ও বিনা মূল্যে রাতের খাবারের ব্যবস্থা।
গেমিংয়ের পাশাপাশি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গিগাবাইট ও অরাসের সর্বশেষ প্রযুক্তির হার্ডওয়্যার ও কম্পিউটার উপকরণের প্রদর্শনী। সেখানে গেমার ও প্রযুক্তিপ্রেমীরা গিগাবাইটের সর্বশেষ প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, গেমিং ল্যাপটপ ও উচ্চ হারে ছবি পরিবর্তন করতে সক্ষম মনিটর কাছ থেকে দেখার এবং ব্যবহারের সুযোগ পান।
আয়োজকদের দাবি, পরবর্তী প্রজন্মের গেমিংয়ের উপযোগী এসব আধুনিক প্রযুক্তি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া আয়োজনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গেমার, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন। গেম খেলার পর্ব, হার্ডওয়্যার প্রদর্শনী এবং আড্ডায় পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।
বাংলাদেশের গেমিং সম্প্রদায়কে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গিগাবাইট। গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের গেমিং শিল্পের বিকাশে এ ধরনের আরও আয়োজন করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক