নিরাপত্তাঝুঁকি কমাতে বন্ধ রাখুন জিমেইলের এই সেটিংস
ই-মেইলে আসা ক্ষতিকর অ্যাটাচমেন্ট অনেক সময় সাইবার হামলার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ রাখলে অপ্রয়োজনীয় অ্যাটাচমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ফোনে ডাউনলোড হওয়া ঠেকানো সম্ভব।
অ্যান্ড্রয়েডের জিমেইল অ্যাপে ডাউনলোড অ্যাটাচমেন্ট নামে একটি সেটিংস রয়েছে। এটি চালু থাকলে ওয়াই-ফাই সংযোগের সময় ই-মেইলে আসা অ্যাটাচমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হতে পারে। সেটিংসটি বন্ধ থাকলেও প্রয়োজন হলে ব্যবহারকারী নিজে অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে পারবেন। গুগলের তথ্য অনুযায়ী, এই সেটিংস অ্যাকাউন্টভিত্তিকভাবে পরিবর্তন করা যায়।
অপরিচিত বা সন্দেহজনক ই-মেইলের অ্যাটাচমেন্ট বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। গুগল জানিয়েছে, কিছু অ্যাটাচমেন্টে ক্ষতিকর সফটওয়্যার বা যাচাই না করা স্ক্রিপ্ট থাকতে পারে। এমন অ্যাটাচমেন্ট খুললে ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার চালু হওয়ার আশঙ্কা থাকে। তাই সন্দেহজনক অ্যাটাচমেন্ট ডাউনলোড বা খোলা থেকে বিরত থাকার পরামর্শ দেয় গুগল।
যেভাবে সেটিংসটি বন্ধ করবেন
১. অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাপ খুলুন।
২. ওপরের বাঁ দিকে থাকা তিন দাগের মেনুতে ট্যাপ করুন।
৩. নিচে গিয়ে সেটিংস অপশনে প্রবেশ করুন।
৪. একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকলে যে অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করতে চান, সেটি নির্বাচন করুন।
৫. নিচের দিকে গিয়ে ‘ডাউনলোড অ্যাটাচমেন্ট’ অপশনটি খুঁজে বের করুন।
৬. অপশনটির টিক চিহ্ন তুলে দিন।
গুগলের বর্তমান নির্দেশনা অনুযায়ী, এই সেটিংস বন্ধ করলে অ্যাটাচমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না; তবে প্রয়োজন হলে ই-মেইল খুলে ব্যবহারকারী নিজেই অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে পারবেন।
শুধু এই সেটিংস নয়, সাইবার নিরাপত্তার জন্য অপরিচিত প্রেরকের ই-মেইলের লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক করার আগে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে ব্যাংক, মোবাইল আর্থিক সেবা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে প্রেরকের পরিচয় যাচাই না করে কোনো লিংক বা ফাইল খোলা উচিত নয়।
জিমেইলও সন্দেহজনক অ্যাটাচমেন্ট শনাক্ত হলে সতর্কবার্তা দেখাতে পারে। এমন ক্ষেত্রে অ্যাটাচমেন্ট না খুলে ই-মেইলটি স্প্যাম বা অপব্যবহার হিসেবে রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফিচার ডেস্ক