বিশেষ ছাড়, ক্যাশব্যাক ও আকর্ষণীয় উপহারে আইডিবিতে চলছে ‘মনিটর ফেস্ট’
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সঙ্গে প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় জমে উঠেছে ‘সিটি আইটি ওয়ার্ল্ড কাপ মনিটর ফেস্ট-২০২৬’। রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি ভবন) প্রাঙ্গণে আয়োজিত এই মেলার চতুর্থ দিনেও ছিল দর্শনার্থীরা। সকাল থেকেই বিভিন্ন ব্র্যান্ডের মনিটর ঘিরে ক্রেতাদের আগ্রহ ছিল। কেউ নতুন মনিটরের ফিচার সম্পর্কে জানছেন, আবার কেউ গেমিং জোনে গেম খেলে অভিজ্ঞতা নিচ্ছেন।
মেলায় এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে গিগাবাইট, অরাস, এইচপি, হিকভিশন, লেনোভো, এলজি, ইউরোভিশন এবং থান্ডাররোবট ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মনিটর। প্রতিটি ব্র্যান্ডই দিচ্ছে বিশেষ মূল্যছাড়, ক্যাশব্যাক, নিশ্চিত উপহার এবং মেলা উপলক্ষে এক্সক্লুসিভ অফার।
গিগাবাইট ও অরাস মনিটর কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার। ইউরোভিশন মনিটর ক্রেতারা পাচ্ছেন স্টাইলিশ পোলো টি-শার্ট অথবা সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হিকভিশন মনিটরের সঙ্গে দেওয়া হচ্ছে স্ক্র্যাচ কার্ড, যার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
এ ছাড়া এইচপি অথরাইজড মনিটর কিনলে থাকছে বিশেষ পুরস্কারের সুযোগ। এলজি আল্ট্রাগিয়ার গেমিং মনিটর কিনলে মিলছে আকর্ষণীয় ফ্রি গিফট। অন্যদিকে থান্ডাররোবট মনিটর ক্রেতারা ‘এভরি স্পিন’-এর মাধ্যমে আনলিমিটেড গিফট ভাউচার জয়ের সুযোগ পাচ্ছেন।
মেলায় অংশ নেওয়া গিগাবাইট ও অরাস ব্র্যান্ডের প্রতিনিধি মাহদী মুহাম্মদ কাফি এনটিভি অনলাইনকে বলেন, ‘নতুন মনিটর কেনার জন্য এটি বছরের অন্যতম সেরা আয়োজন। কাজ, পড়াশোনা কিংবা গেমিং-সব ধরনের ব্যবহারকারীর জন্য বিভিন্ন বাজেটের আধুনিক মনিটর এখানে পাওয়া যাচ্ছে। আমরা গিগাবাইট ও অরাস-দুটি স্টল নিয়ে অংশ নিয়েছি। আমাদের সংগ্রহে এমন মনিটর রয়েছে, যেগুলো দিয়ে বেসিক অফিসের কাজ থেকে শুরু করে অ্যাডভান্সড কনটেন্ট ক্রিয়েশন, গ্রাফিক্স ডিজাইন ও হাই-এন্ড গেমিং-সব ধরনের কাজ করা সম্ভব।’
আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া দর্শনার্থীদের জন্য প্রতিদিন টেক কুইজ আয়োজন করা হচ্ছে। কুইজের ফলাফল প্রতিদিনই ঘোষণা করা হচ্ছে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ৬ জুলাই শুরু হওয়া ‘সিটি আইটি ওয়ার্ল্ড কাপ মনিটর ফেস্ট-২০২৬’ আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক