মশিহরের ১২২ বিনিয়োগকারী পেল ৩ কোটি ২১ লাখ টাকার চেক
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের অর্থ ফেরত প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে চেক প্রদান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেক প্রদানের প্রথমদিনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ১২২ জন বিনিয়োগকারী চেক পেয়েছে। তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ও ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে জানিয়ে ডিএসইর উপমহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চেক গ্রহণ করেছেন মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীরা। আগামী দিনগুলোতেও সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত একই সময়সূচি অনুযায়ী চেক বিতরণ করা হবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চেক গ্রহণকারী মশিহর সিকিউরিটিজের এক বিনিয়োগকারী বলেন, ২০২৪ সালে মশিহর সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ার পর আমার বিনিয়োগের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরবর্তীতে ডিএসইর নিয়ম অনুযায়ী আবেদন করি। আজ অর্থের সম্পূর্ণ চেক হাতে পেয়ে স্বস্তি অনুভব করছি।
আরেক বিনিয়োগকারী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আমার পাওনা অর্থের চেক হাতে পেয়েছি। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েনের মধ্যে এই অর্থ ফেরত পাওয়ায় ভালো লাগছে।

নিজস্ব প্রতিবেদক