পতনে সূচক, লেনদেন হাজার কোটি টাকার ঘরে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (৮ জুন) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ দশমিক ১৬ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন হাজার কোটি টাকার ঘরে নেমে এসেছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৬০০ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেনের শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের কমেছে ৩৩ দশমিক ১৬ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৮২ দশমিক ৯৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক সাত দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১০৮ দশমিক ১১ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৮ দশমিক শূন্য চার পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৬৯ দশমিক ১৫ পয়েন্টে।
আজ সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৫২৯ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। গতকালের এ লেনদেন গত ২১ মাস ২৬ দিনের মধ্যে সর্বোচ্চ হিসেবে গণ্য হয়েছে। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯০ হাজার ৫৭৪ কোটি ৯২ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ১৭৫ কোটি তিন লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৪৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের ২৫ কোটি ৫৭ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ২৫ কোটি ১৮ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২১ কোটি ৯৯ লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৯৪ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি টাকা, সোনারগাঁ টেক্সটাইলের ১৪ কোটি ৮৮ লাখ টাকা, নাভানা ফার্মার ১৩ কোটি ৮১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৩ কোটি ৮১ লাখ টাকা এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এএফসি এগ্রোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৪৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক